প্রধানমন্ত্রী সবার জন্য ভাবেন-কাজ করেন: সুজিত রায় নন্দী

জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী যা করেছেন পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তা করেননি; যা এক বিরল ঘটনা। তিনি সব ক্ষেত্রে সবার জন্য ভাবেন এবং তার জন্য কাজ করেন।

সোমবার দুপুরে চাঁদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শতাধিক অসহায়ের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শারদীয় উৎসব বাংলার ঐতিহ্য। শারদীয় উৎসব সার্বজনীন, এ উৎসব সবার জন্য। দেবীদুর্গার আবির্ভাব ছিল দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য। যারা শুভ কাজকে বাধা দিয়ে অশুভ কাজ করে তাদের প্রতিহত করতে হবে।

সুজিত নন্দী বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্যে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের যে শুভ যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মনন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, পূজা উদযাপন পরিষদ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের নেতারা উপস্থিত ছিলেন।