প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন খালাস চেয়ে হাইকোর্টে আপিল

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।

সোমবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নুর হোসেনের পক্ষে আইনজীবী লুৎফর রহমান আকন্দ এ আপিল করেন।

৭২ পৃষ্ঠার মূল আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়েছেন আসামি নূর হোসেন।

এর আগে গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর দায়রা জজ আদালত থেকে সাত খুন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

পরে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশনা দেন।

গত ১৬ জানুয়ারি সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের প্রাক্তন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন।