নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও প্রশ্ন ফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী। আইনুন্নাহার সিদ্দিকা বলেন, গতকাল রিট করেছি আমরা তিন আইনজীবী। আজকে শুনানি হতে পারে। কোর্টের কার্য তালিকায় রয়েছে।


