নিজস্ব প্রতিবেদক : বুধবার রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে আশরাফুল হুদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবী নজরুল ইসলাম। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবী। যুক্তি উপস্থাপনকালে এ আইনজীবী দাবি করেন, আশরাফুল হুদার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় নাই। এজন্য তার খালাস দাবি করছি। আশরাফুল হুদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ২১ ও ২২ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ওই তারিখে আরেক আসামি বিএনপি নেতা ও ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামের পক্ষে তার আইনজীবী আবদুস সোবহান তরফদার যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানা গেছে। এ মামলায় এখন পর্যন্ত ৩৬ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করে যুক্তিতর্ক পেশ শেষ করে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক মানুষ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে যান।


