প্রাক্তন প্রেমিকার বক্তব্য নিকের বাগদানের খবরে

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। রোকা (পাঞ্জাবি প্রথায় সম্পর্ক পাকা করার পদ্ধতি) অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন তারা। এরপর থেকেই একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে নিক-প্রিয়াঙ্কাকে। সম্প্রতি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, নিকের ভাই জো জোনাস ও তার বাগদত্তা সোফি টার্নারকে একসঙ্গে ইউএস ওপেন টেনিস উপভোগ করতে দেখা যায়। এদিকে প্রিয়াঙ্কার আগে সাবেক মিস ইউনিভার্স ও মডেল অলিভিয়া কালপোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিক। ২০১৫ সালে তাদের ব্রেকআপ হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিকের বাগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে অলিভিয়া বলেন, ‘আমি মনে করি, যে কোনো সময় যে কেউ প্রেমে পড়তে পারেন। বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে এমনটা খুঁজে পাওয়া খুবই কঠিন। আপনি খেয়াল করে দেখবেন, এ বিষয়ে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়।’ তিনি আরো বলেন, ‘আমি তার (নিক) ব্যাপারে খুবই খুশি। আমি চাই প্রত্যেকে যেন ভালোবাসা ও সুখ খুঁজে পায়। তার মানে এই নয়, আমি তাকে শুভকামনা জানাব না।’ ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। মাস দুই আগে তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। অবশেষে গুঞ্জন সত্যি করে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা-নিক।