প্রাক্তন বিচারপতি মো. জয়নুল আবেদীনের আগাম জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতির অভিযোগের মুখে থাকা আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি মো. জয়নুল আবেদীনের আগাম জামিন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিচারপতি মো. জয়নুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

এর আগে গত ১০ জুলাই অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতির অভিযোগের মুখে থাকা আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি মো. জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়।

ওই দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গত বছরের ১০ জুলাই হাইকোর্ট বিচারপতি জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়ে রুল জারি করেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেছিল। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেন। সে অনুসারে রুল শুনানি শেষ হয়েছে।

২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নোটিশ দেয় দুদক। পরে দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি একই সালের ২৫ জুলাই হাইকোর্টে একটি রিট আবেদনও করেছিলেন। যে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়।

পরে ২০১০ সালের ২৫ অক্টোবর তাকে আরো একটি নোটিশ দেয় দুদক। ৩ নভেম্বর তিনি এ বিষয়ে তথ্য জমা দেন। দীর্ঘ দিন পরে ২০১৭ সালের জানুয়ারিতে তার কাছে ব্যাখা চায় দুদক। পরে তিনি ব্যাখ্যা দেন। এরপর ওই বছরের জুনে একটি পত্রিকায় ওই বিচারপতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কা থেকে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

২০১৭ সালের ১০ জুলাই হাইকোর্ট তাকে এ অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন দেন এবং রুল জারি করেন।