নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি।
মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নবী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ১২ নভেম্বর ধার্য করেন।
তবে এদিন প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা প্রদান করেন।
২০১৩ সালের গত ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগাস্থ বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অপর আসামিরা হলেন- গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, মীর সরাফাত আলী সফু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আব্দুল আলীম, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, এসএম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন ও আবুল মনসুর খান দীপন।


