ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : গাড়ি পোড়ানো ও ভাঙচুরের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত ।

মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নবী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ১২ নভেম্বর ধার্য করেন।

তবে এদিন প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা প্রদান করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল, অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ মার্চ পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।