নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি।
মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সুলতান সালাউদ্দিন টুকু অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া কারাগারে আটক আসামি নবী উল্লাহ নবীকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর শেখ ছামিদুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৮ আগস্ট ধার্য করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায় , ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় আসামিরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করে। মামলায় ফখরুলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


