ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতা-কর্মীকে শেষবারের মতো সময়

নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতা-কর্মীকে শেষবারের মতো সময় মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ শুনানির পরবর্তী তারিখ আগামী ১৬ অক্টোবর ধার্য করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় আসামিরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করে। মামলায় ফখরুলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।