ফতুল্লায় ২ প্রহরীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বিসিক শিল্পনগরীতে ২ সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু। ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ভো‌রে বিসিকের ২ নম্বর সড়‌কের ৫ নম্বর গলির লতিফ নিটিংয়ের সামনে থেকে মাথা থেতলানো অবস্থায় ওই দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন- লতিফ ডাইংয়ের সিকিউরিটি গার্ড আশরাফুল (৭০) ও লাল চাঁন (৩৮)।

নিহত আশরাফুলের ছেলে আমিনুলের দাবি, তার বাবার সঙ্গে কারো কোন শত্রুতা ছিল না। তার ধারণা, কেউ হয়তো পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করে লাশ সড়কের পাশে রেখে গাড়ি দিয়ে চাপা দিয়েছে। কারণ একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড হয়ে তিনি নিজের থেকে সড়কের পাশে ঘুমিয়ে থাকতে পারেন না, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

নিহত লাল চানের বড় ভাই লাল মোহনেরও একই রকম দাবি, তার মতে, সিকিউরিটি গার্ড হিসেবে তার ভাই প্রতিষ্ঠানের ভেতরে থাকার কথা, বাইরে নয়। কিন্তু তার মরদেহ পাওয়া যায় বাইরে। এই ঘটনা রহস্যজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহের সুরতহাল করেছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তারা গাড়িচাপায় নিহত হয়েছেন। তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ গুরুত্ব সহকারে এ ব্যাপারে তদন্ত করছে।