ফরিদপুর প্রতিনিধি : জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামে আড়াই বছরের শিশু ছেলেসহ এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে ওই নারীর স্বামীর পরিবারের বিরুদ্ধে।
শুক্রবার মধুখালী থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা পার্শবর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাংগুরা গ্রামের বাসিন্দা মো. ফরিদ মিয়া জানান, পাঁচ বছর আগে তার মেয়ে ফরিদা বেগমের বিয়ে হয় বড়াইল গ্রামের সাগর শেখের ছেলে আমির শেখের সঙ্গে। তাদের সংসারে ফাহিম ও রসুল নামের দুই সন্তানের জন্ম হয়। এর মধ্যে চার বছরের ফাইম তার (নানা) বাড়িতে আর রসুল মায়ের সঙ্গে থাকত।
তিনি জানান, প্রায়শ সাধারণ বিষয় নিয়ে জামাতা আমির শেখ তার স্ত্রী ফরিদা বেগমকে মারধর করত। একাধিকবার বিদেশ যাওয়ার নাম করে টাকা দাবি করে ফরিদাকে মারধর করে বাড়ি পাঠিয়ে দেয়। শুক্রবার সকাল ৮টার দিকে জামাই ফোন করে জানায় স্ত্রী ফরিদাকে ঝগড়ার এক পর্যায়ে গালাগাল করা হয়েছে। এরপর দ্বিতীয় দফায় বেলা ১০টার দিকে ফোন করে জানানো হয় ফরিদা ছোট সন্তান রসুলকে নিয়ে আত্মহনন করেছে।
তিনি অভেযোগ করেন, সাধারণ গাল মন্দে ফরিদার আত্মহনন করার কথা না।
তিনি দাবি করেন, জামাইয়ের পরিবারের লোকজন তাদের হত্যা করে লাশ খাটের ওপরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেছেন তিনি।
নিহতের চাচা জাকির মিয়া ও শহীদ মিয়া জানান, জামাই প্রায়ই নানা ছুতোয় মেয়েটিকে মারধর করত। এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠক করে মিলিয়ে দেওয়া হয়েছে।
এদিকে হত্যার অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী আমির শেখ বলেন, সকালে গালাগাল করে কৃষিকাজ করতে মাঠে চলে যাই। বেলা ১০টার দিকে আমার স্ত্রী ও শিশু ছেলে মারা গেছে খবর পেয়ে বাড়ি আসি। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না বলে দাবি করেন তিনি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


