নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : জেলার ভূঞাপুরে রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতাকে দ্বিতীয় দফায় ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
ফরিদ ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক। রিমান্ডে নেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম সরকার।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল ভূঞাপুর আমলী আদালতে তাদের হাজির করে সাতদিন করে রিমান্ড চায় পুলিশ। আদালতের বিচারক নওরিন মাহবুব তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, গ্রেপ্তারকৃতরা প্রথম দফা রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলো নিয়ে তদন্ত চলছে। তথ্যগুলো যাছাই-বাছাইয়ের জন্য আজ দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত বুধবার প্রথম দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া উপজেলার ভারই মধ্যপাড়া গ্রামের মাঈনুল হাসান ওরফে মাসুদ, শওকত হোসেন ওরফে সৈকত, অলোয়া ইউপি সদস্য মকবুল হোসেন তরফদার ও নাসিরউদ্দিন রানা ফরিদ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে তাহেরুল ইসলাম তোতা ও নুরুল ইসলামসহ এই হত্যায় কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বের হয়ে আসে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সকালে রকিবুল ইসলাম ফরিদের গলাকাটা মরদেহ তার নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ৯টার পর তিনি নিখোঁজ হন।
ওই দিনই ফরিদের ভাই ফজলুল করিম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পরে ফজলুল করিম বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরো একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাত জনের নাম উল্লেখ করা হয়।
আদালত থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি এক সঙ্গে তদন্তের আদেশ দেন।


