ফেনীতে অপহরণের সাতদিন পর এক স্কুল ছাত্রকে উদ্ধার

ফেনী প্রতিনিধি : ফেনীতে অপহরণের সাতদিন পর এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় মো. নুর নবী নামের এক অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাব জানায়, এরা আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য। অভিযানকালে বাকিরা পালিয়ে যায়। সোমবার দুপুর ১টায় সংবাদ সম্মেলনে র‌্যাব বিষয়টি জানান।

ফেনীস্থ র‌্যাবের সূত্র জানান, ফেনীর মহিপালের ফল ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র ওমর ফারুক (১৫) গত ৫ ডিসেম্বর সকালে অপহৃত হয়। এরপর অপহরণকারী চক্রের সদস্যরা সাইফুলের কাছে এক লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। তারা মুক্তিপণের টাকা ভারতের ত্রিপুরায় এক ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য সাইফুলকে দ্রুত পাসপোর্ট তৈরির তাগিদ দেয়। র‌্যাবের পরামর্শে সাইফুল ফেনী শহরে ১০ হাজার ডলার হস্তান্তরে সম্মত হন। এতে চক্রের সদস্যরাও রাজি হয়। তারা রোববার রাত ৮টার দিকে ফেনীর লালপুলে ওমর ফারুককে নিয়ে এলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে ও চক্রের সদস্য নুর নবীকে আটক করে। এসময় অন্য সদস্যরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। নবী ফেনী সদরের ফরহাদনগরের পূর্ব সুলতানপুরের আলী নেওয়াজের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব অফিসে আটক নবী সাংবাদিকদের জানান, তারা ওমর ফারুককে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে দক্ষিণ কাট্টলী এলাকায় সৌরভ চৌধুরী, মঈন হোসেন, পিয়াস, রকিবের সহযোগিতায় একটি ঘরে আটকে রাখে। নবী জানান, তার মামাত ভাই মালদ্বীপ প্রবাসী মীর হোসেন এই পরিকল্পনায় জড়িত।

র‌্যাব ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, এরা আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য। আটক নবীকে ফেনী মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।