ফ্ল্যাট ‌থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি ফ্ল্যাট থেকে তোষকে মোড়ানো অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) রাতে মরদেহ‌ উদ্ধার করা হয়।

বা‌ড়ির মালিক চান মিয়া জানান, প্রায় এক মাস আগে তার বা‌ড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট সামিরা ও আব্দুর মজিদ নামে এক দম্পতি ভাড়া নেন। গত চার থেকে পাঁচ দিন ধরে তাদের ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ ছিল। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে সোমবার বিকেলে মই দিয়ে ওই ফ্ল্যাটের বারান্দায় উঠে তোষকে মোড়ানো মরদেহ সদৃশ্য বস্তু দেখা যায়। পরে পু‌লিশে খবর দেওয়া হলে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তোষকে মোড়ানো ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আমিনুল রহমান খান জানান, তোষকে মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পুরো শরীর ঝলসানো এবং গলা কাটা ছিল। তার নাম-প‌রিচয় শনাক্ত করা যায়‌নি। গত আট থেকে ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান এসআই আমিনুল।