নিজস্ব প্রতিবেদক, সিলেট : জনপ্রিয় লেখক, হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) প্রণব কুমার দেব।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব রাইজিংবিডিকে জানান, দুপুর সোয়া ১টার দিকে কড়া নিরাপত্তায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফয়জুর হাসানকে সরাসরি আদালতে আনা হয়।
তিনি জানান, আজ থেকে তার রিমান্ড শুরু হবে। তবে তাকে সিলেটে, না ঢাকায় নেওয়া হবে এই বিষয়ে তদন্তের স্বার্থে কিছু বলতে চাননি তিনি।
গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করেন। উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের অনুষ্ঠান চলছিল। অধ্যাপক ড. জাফর ইকবাল ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন। তখনই ভিড়ের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করেন।
ঘটনার পর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাত ১০টা ২৩মিনিটের সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হামলার পর শিক্ষার্থীরা হামলাকারী ফয়জুর হাসানকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুর জানিয়েছেন, জাফর ইকবালের প্রতি ক্ষোভ থেকে তাকে হামলা করেছেন। হামলায় তিনি একাই ছিলেন।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ।


