বঙ্গবন্ধুর হত্যা রহস্য ও ষড়যন্ত্র উদঘাটনে সরকারের প্রতি আহ্বা

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা রহস্য ও ষড়যন্ত্র উদঘাটনে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরফিন সিদ্দিক।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ড. আ আ ম স আরফিন সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাকে হত্যার পেছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য আমাদের জাতীয় ইতিহাসে সন্নিবেশিত হওয়া প্রয়াজন। এই হত্যা রহস্যের উদঘাটন এখন সময়ের দাবি।

১৯৭৫ সালের ১৫ আগস্টকে অভিশপ্ত দিন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই দিন বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনের কথা ছিল। কিন্তু তার আর বিশ্ববিদ্যালয়ে আসা হয়নি। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাকে শাহাদাৎ বরণ করতে হয়।

উপাচার্য বঙ্গবন্ধুর চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান নেতা ছিলেন। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করে গেছেন। দাবি আদায়ে তিনি মৃত্যু, জেল জুলুমকে কখনো ভয় পাননি। আমাদের গর্ব, এ ধরনের নেতা আমরা পেয়েছিলাম।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে আন্দোলন করতে গিয়ে ১৯৪৯ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু ছাত্রত্ব হারান। তিনি পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং ২৪ বছর সংগ্রাম করে আমাদের স্বাধীন দেশ উপহার দেন। তিনি আজীবন আভিজাত্য নিয়ে রাজনীতি করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের সামনেও তিনি অবিচল ছিলেন। এই আভিজাত্য নিয়েই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন।’

উপাচার্য বলেন, ১৫ আগস্টকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশবিদ্যালয়ের সকল ভবন ও হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালা পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলাচনা সভা, আলাকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।