বন্দুকযুদ্ধে জয়পুরহাটে মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধে নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা রতনপুরে এ বন্দুকযুদ্ধে মিন্টু মারা যায়।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিন্টু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, রাতে পাঁচবিবি উপজেলার রতনপুরে মাদক কেনা-বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি করে। এর একপর্যায়ে মাদক কারবারিরা অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মাদক কারবারি মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের দুজন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেনসিডিল সহ এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মিন্টুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় এক ডজন মাদক মামলা রয়েছে।

তবে নিহতের মা রোকেয়া বেওয়া জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে র‌্যাব সদস্যরা রবিউলকে তুলে নিয়ে যায়। বুধবার সকালে তারা জানতে পারেন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল মারা গেছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, তার চার সন্তানের মধ্যে দুজনকে গুলি করে হত্যা করা হলো।