বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে পাঁচটি পাইপগানসহ কামাল (৩২) নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি সাগরে ডাকাতি করা জামাল বাহিনীর সদস্য।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের ক্যাম্প কমান্ডার লে. মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগরে জেলে ট্রলারে ডাকাতি করতে অস্ত্র বেচাকেনার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ সদর ইউনিয়নের পদ্মা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অব্দির এ অভিযানে কামাল (৩২) নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করে। আটককৃত কামাল একই এলাকার জালাল মিয়ার ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।


