জেলা প্রতিবেদকঃ বরগুনার নলটোনা ইউনিয়নে মানিক (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহারের আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর, মুছা শহীদ, শহীদ ওরফে কালা শহীদ, মিজান, সোহাগ, সোহেল, জামাল চৌধুরী, ইলিয়াস রনি, তানজিল ও তুষার। এর মধ্যে মিজান, সোহাগ ও সোহেল চেয়ারম্যান কবীরের ভাইয়ের ছেলে।
এর আগে শনিবার (২৩ মে) ওই ঘটনায় আহত আবদুল্লাহ বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বরগুনা জেলা প্রশাসক বরাবর চেয়ারম্যান গোলাম কবীরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাৎ বিষয়ক লিখিত অভিযোগ করা হয়। এর জেরে চেয়ারম্যানের ইন্ধনে তার ভাইয়ের ছেলে মিজান ও সোহাগের নেতৃত্বে কালা শহীদ ও মুছা শহীদসহ আরো কয়েকজন গর্জবুনিয়া গণকবর এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে মানিককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে মানিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ভাইয়ের ছেলেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনাটি মূলত মাদক নিয়ে বিরোধে ঘটেছে। রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনাকে পুঁজি করে আমার বিরুদ্ধে বাদীকে দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করেছে।’
ওসি আবির হোসেন মোহাম্মদ বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


