বরিশালের মানুষ আমার আপনজন: এস এম জাহাঙ্গীর হোসেন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগীয় বিএনপি পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার রাত ৯টায় উত্তরার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল বিভাগীয় বিএনপি পরিবার–ঢাকা-১৮।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

এসময় তিনি বলেন,“বরিশালের মানুষ আমার আপনজন। আপনাদের কল্যাণে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে আপনারা যেভাবে বিএনপির পাশে ছিলেন, আগামীতেও রাষ্ট্র গঠনে দলের পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।”

নতুন বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন,“আমরা এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছি। আপনারা যেমন বরিশালের আমার ভাই, ঠিক তেমনি আপনাদের নিয়েই তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই—ইনশাআল্লাহ।”

তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন,“১২ তারিখ সারাদিন আপনারা ধানের শীষে ভোট দেবেন। পাশাপাশি আপনাদের আত্মীয়-স্বজনদেরও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাজিফুর রহমান সাগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল।