‘বলিউডের সিনেমায় অভিনয়ের ভাবনা আপাতত আমার নেই’

বিনোদন ডেস্ক : সুন্দরীর খেতাব জয় করে বলিউডে পা রাখার প্রথা নতুন নয়। ঐশ্বরিয়া রাই বচ্চন, সুস্মিতা সেন, লারা দত্ত থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, রুপালি জগতে পা রেখেছেন মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স মুকুট জয়ীরা। সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ খেতাব জিতেছেন ভারতের মানশি চিল্লার। পূর্বসুরীদের মতো তিনিও কী রুপালি জগতে পা রাখবেন?

এ প্রসঙ্গে মানশি চিল্লার বলেন, ‘বলিউডের সিনেমায় অভিনয়ের ভাবনা আপাতত আমার নেই। আমার লক্ষ্য পরবর্তী এক বছর স্বাস্থ্যসম্মত মেন্সট্রুয়েশন নিয়ে সচেতনতা তৈরি করা। আমি এ জন্য চারটি মহাদেশে ভ্রমণ করব এবং আমার সঙ্গে ছয় মহাদেশের সুন্দরীরা (প্রতিযোগিতায় নির্ধারিত) থাকবেন।’

২০ বছর বয়সি মানশি জানান, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অন্যান্য প্রতিযোগীরা মনে করেছিলেন তিনি একজন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমে তারা মনে করেছিল আমি কোনো বলিউড অভিনেত্রী।’

বলিউড তার প্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন আমির খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ‘আমি অবশ্যই আমিরের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই। আমি মনে করি তার সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্র থাকে। একই সাথে সমাজ সম্পর্কিত কিছু বার্তা থাকে। সুতরাং তার সঙ্গে কাজ করতে পারলে খুব ভালো লাগবে। অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দ প্রিয়াঙ্কা চোপড়াকে’- বলেন মানশি।

১৯৯৭ সালের ১৪ মে ভারতের হরিয়ানার একটি গ্রামে জন্মগ্রহণ করেন মানশি। তার বাবা ডক্টর মিত্র বসু চিল্লার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন বিজ্ঞানী। মা নীলাম চিল্লার ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্স-এর সহযোগী অধ্যাপক ও নিউরোকেমিস্ট্রি বিভাগের প্রধান। মানশির আরো দুজন ভাই-বোন রয়েছে। এর মধ্যে একজন এলএলএম পড়ছেন। দিল্লির সেইন্ট থমাস স্কুল ও মিরান্ডা হাউসের শিক্ষার্থী ছিলেন মানশি। বর্তমানে ভগত ফুল সিং গভঃ মেডিক্যাল কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। তিনি গাইনি অনকোলজি বিষয়ে পড়ছেন।