বাঁশখালী থানার ওসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার স্ত্রীর করা অভিযোগ এজাহার হিসেবে গণ্য না করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ায় বাঁশখালী থানার ওসিকে  ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওসির পক্ষে ব্যাখ্যা সম্বলিত আইনজীবীর বক্তব্য এফিডেভিড আকারে দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ মে দিন ধার্য করা হয়েছে।

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ওসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রুমি। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ।

এর আগে গত ২০ মার্চ এজাহার হিসেবে গণ্য না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেন হাইকোর্ট।  হাইকোর্ট  রুলসহ এই আদেশ দেন।

চট্রগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডাকা মতবিনিময় সভা শুরুর আগে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামের একজন নিহত হন।নিহত ব্যক্তির স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে স্বামী হত্যার অভিযোগে ২৯ জনকে আসামি করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

নিহত ব্যক্তির স্ত্রীর করা অভিযোগ এফআইআর হিসেবে গণ্য না করায় এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই নারী ২০ মার্চ হাইকোর্টে রিট করেন।

রিটের শুনানি নিয়ে আদালত ওসিকে তলবসহ রুল জারি করেন।

আইনজীবী ফয়েজ বলেন, আবেদনকারীর করা অভিযোগ কেন  এজাহার হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।