নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দুই দিনের চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা চলছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়ে এখনো চলছে।
প্রথম দিনের সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করছেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্ন্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েশনের মহাপরিচালক বুনিয়ারিট কালাইয়ানামিট দেশটির নেতৃত্ব দিচ্ছেন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বসবে সভার দ্বিতীয় ও সমাপনী দিনের বৈঠক। এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপম। দুপুর আড়াইটায় একই স্থানে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় চার বছর পর অনুষ্ঠেয় সভায় উভয় দেশের বাণিজ্য সম্পর্ক আরো মজবুত করার উপায় পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের সম্ভাব্য বিনিয়োগে উৎসাহিত করা হবে। এর অংশ হিসেবে থাইল্যান্ডের নেতৃত্বাস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল এ সভায় যোগ দিয়েছেন।
সভায় অন্যান্য বিষয় আলোচনার পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিদ্যমান ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের বিশেষ কয়েকটি পণ্যের থাইল্যান্ডের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে অনুরোধ জানানো হবে বলেও জানা গেছে।
অপরদিকে, বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
চতুর্থ জেটিসি সভার প্রথম দিন বুধবার সভায় ২০১৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত তৃতীয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করার কথা। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রসারের সম্ভাব্য ক্ষেত্র ও কৌশল নির্ধারণের পাশাপাশি কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এ সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে মর্মে আশা করা যায়।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা থেকে বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা লাভবান হবে বলে আশা করা হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় একই স্থানে বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই দিনের সম্মেলন শেষ হবে।


