বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে আজ সোমবার ‘টেকসই ও গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সমঝোতা স্মারকহয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন এ সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় ঢাকায় সফররত ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ উপস্থিত ছিলেন।
চুক্তি সই অনুষ্ঠানের পর একই স্থানে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় পৌঁছান ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁকে স্বাগত জানান। পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন রাজকুমারী। আজ সোমবার বিকেল ৫টার দিকে তাঁর কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে এবং পরে মঙ্গলবার সকালে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন তিনি।
রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি-এর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।


