কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে যৌতুকের দাবি পুরন করতে না পারায় শান্তনা (১৯) নামের এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শান্তনার স্বামীর নাম শাহিন চৌকিদার। ওই গৃহবধূকে বুধবার বিকালে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর মা ফুলমতি বেগম জানান্, প্রায় ৪ বছর আগে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছোহরাব চৌকিদারের ছেলে শাহিন চৌকিদারের (২২) সাথে তার মেয়ে শান্তনার বিয়ে হয়। বিয়ে সময় মেয়ে জামাই কে নগদ ৩০ হাজার টাকা, মেয়ের জন্য সোনার তৈরি কানের দুলসহ লক্ষাধিক টাকার মালামাল দেওয়া হয়। তার মেয়ে শান্তনা বছরখানেক স্বামীর সংসারে ভালই ছিলো। এর পর বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবিতে তার মেয়ের উপর শুরু হয় শারিরীক ও মানুষিক নির্যাতন।
এরমধ্যে তার মেয়ের কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। নাম রাখা হয় ওমর ফারুক। তাদের ধারণা ছিল সন্তান জন্মের পর মেয়ে জামাই শাহিনের ব্যবহারের পরিবর্তন হবে । কিন্তু তা আর হয়নি। টাকার জন্য কথায় কথায় তার মেয়েকে মারধর করা এখন নিয়মে পরিনত হয়েছে। ঘটনার দিন বুধবার সকালে শাহিন চৌকিদার ব্যবসার নামে শান্তনার কাছে ১০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলে। শান্তনা এতে অপরগতা প্রকাশ করলে পাষন্ড স্বামী মহিষ পেটানোর লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি মারে।
এর আগের দিন রাতেও (মঙ্গলবার) তাকে বেধরক মারধর করা হয়। ঘটনার দিন শান্তনার মা ফুলমতি মেয়ে ও নাতির খবর নিতে জামাই বাড়ি এসে দেখেন তার মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। এ অবস্থায় তিনি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসতে চাইলে শাহিন ও তার মা মনোয়ারা বেগম বাধা দেন এবং তাদেরকে বাড়িতে আটকে রাখেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে ওই দিন বিকাল সারে ৫টায় ফুলমতি বেগম তার মেয়ে শান্তনাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


