কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সরকারিভাবে ৩১ দরিদ্র পরিবারের গৃহ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীরা জানেন না গৃহ নির্মাণে কত টাকা ব্যয় হবে কিংবা নির্মাণ কাজে কেমন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে।
গৃহ নির্মাণের ক্ষেত্রে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে নির্মাণ কাজ। এ বিষয়ে তথ্য পাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে চারদিন ঘুরে তালিকা পাওয়া যায়। আর কোনো তথ্য দেননি পিআইও।
জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩১ দরিদ্র পরিবাররকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়ার কথা। প্রতিটি গৃহ দুই কক্ষ বিশিষ্ঠ হবে। ২০ ফুট লম্বা ও পাশ হবে ৮ ফুট।
চারপাশে হবে ইটের দেয়াল, উপরে টিনের ছাইনি। ছাউনিতে মেহগনি অথবা কড়াই কাঠ ব্যবহার করতে হবে। গৃহের মেঝেতে তিন ইি ঢালাই হবে। রান্নাঘর ও টয়লেট হবে ১৩ ফুট। ইট হবে এক নম্বর, ছাউনির টিন হবে .৪৬ মিলি মিটার পুরত্বের রঙিন ডেউটিন। গৃহ ও রান্নাঘরের মাঝখানে সাত ফুট করিডোর থাকবে। যার উপরে থাকবে টিনের ছাউনি। প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা।
গৃহ নির্মাণ প্রকল্পের কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) ও সদস্য সচিব পিআইও। আর প্রতিটি ঘরই একটি প্রকল্প। প্রতিটি ঘর নির্মাণের ক্ষেত্রে পাঁচ থেকে সাত সদস্য বিশিষ্ঠ একটি কমিটি থাকবে। ওই কমিটি গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবেন।
১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশের সব গৃহ একযোগে উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিটি গৃহ নির্মাণের ক্ষেত্রে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অথবা ইউপি সদস্য অথবা গণ্যমান্য ব্যক্তি থাকবেন কমিটির সভাপতি।
সরেজমিনে এসব নিয়ম-কানুন ও প্রকল্প বাস্তবায়ন কমিটির অস্থিত্ব খুঁজে পাওয়া যায়নি। নির্মাণ কাজ করছেন মো. কামরুল নামের এক ঠিকাদার ও পিআইও কার্যালয়ের এক কর্মকর্তা।উপকারভোগিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। উপকারভোগির তালিকায় নাম রয়েছে বাউফল পৌরসভার সাহাপাড়া গ্রামের পুস্প রানীর।
সরেজমিনে দেখা যায় তাঁর গৃহ নির্মাণ করা হয়নি। ওই সময় পুস্প রানী বাড়িতে ছিলেন না। তাঁর ছেলের বউ মিনতি রানী বলেন, শুনেছি তাঁর শাশুড়ির নামে ঘর বরাদ্দ আছে। কিন্তু এখন পর্যšত ওই ঘরের নির্মাণ কাজ শুরুই হয়নি।বাউফল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে গৃহ পেয়েছেন রাবেয়া বেগম। তাঁর ঘরের প্রায় ষাট শতাংশ কাজ শেষ হয়েছে।বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
ওই ঘরের নির্মিত ইটের খুটির অবস্থা এতই নাজুক হালকা ধাক্কা দিলেও ওই খুটি নড়ে। ছাউনিতে ব্যবহার করা হয়েছে পাতলা রঙিন টিন। দরজা ও জানালায় ব্যবহার করা হয়েছে পুরাতন টিন। গৃহের চালায় ব্যবহার করা হয়েছে উষার চাম্বুল কাঠ।রাবেয়া বেগম বলেন,ভিক্ষা করে সংসার চলে তাঁর।এরপরেও গৃহ নির্মাণের কাজে নিয়োজিত চার শ্রমিককে ১৭-১৮ দিন খাওয়াতে হয়েছে।নির্মাণ সামগ্রী অনেক দূর থেকে তাঁকে আনতে হয়েছে।
খোয়া তৈরি করতে হয়েছে তাঁর নিজের। আর কাজ করাচ্ছেন মো. ছিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি। তিনি হলেন পিআইও কার্যালয়ের এক কর্মকর্তার মেয়ের জামাতা।ওই গৃহের এক নির্মাণ শ্রমিক বলেন, পেলাস্টারের কাজে ব্যবহার করা হয়েছে ভিটে বালু। নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। পরিমানে সিমেন্ট কম দেওয়া হয়েছে।ছয়শ কেজি বালুর সঙ্গে দেওয়া হয়েছে ৫০ কেজি সিমেন্ট। এই গৃহের স্থায়ীত্ব এক বছরের বেশি হবে না।একই গ্রামের হানিফ হাওলাদারও একটি গৃহ পেয়েছেন। সরেজমিনে দেখা যায় ছয় জন শ্রমিক কাজ করছেন।
এর মধ্যে দুজন করছেন কাঠের কাজ। বাকি চারজন দেয়ালের পেলাস্টারের কাজে ব্যস্ত।হানিফ হাওলাদার বলেন,তিনি গরীব মানুষ হলেও শ্রমিকদের খাওয়ার খরচ তাঁকেই বহন করতে হয়েছে।খোয়া তৈরি করতে হয়েছে তাঁকে।নির্মাণ সামগ্রী বহনের ব্যয়ও তাঁকে বহন করতে হয়েছে।নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। কত টাকা ব্যয়ে, কিভাবে তাঁর গৃহটি নির্মাণ করতে হবে এ বিষয়ে ঠিকাদারের কাছে জানতে চাইলে কিছুই জানাননি।বাউফল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন,‘গৃহ নির্মাণেরর কমিটির বিষয়ে তিনি কিছুই জানেন না।’
ঠিকাদার মো. কামরুল বলেন,‘৩১ টি গৃহের মধ্যে ২৩ টি গৃহ তিনি নির্মাণ করছেন। তাঁর ২৩ টির মধ্যে ১৮ টি গৃহের নির্মাণ কাজ চলছে। বাকি পাঁচটি গৃহের কাজ শিগগির শুরু হবে। সবকাজ সঠিক নিয়মেই করা হচ্ছে। এতে তাঁর বরাদ্দের চেয়ে বেশি টাকা ব্যয় হবে।’ আর আটটি ঘরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,প্রকল্প বাস্তবায়ন কমিটির বিষয়ে তিনি জানতেন না।তবে এখন স্যার (পিআইও) বলছেন, কমিটির কাগজে স্থানীয় লোকজনের নাম বসাতে হবে।
পিআইও রাজিব বিশ্বাস বলেন,‘নিয়ম অনুযায়ী গৃহ নির্মাণ করা হচ্ছে।’ প্রতিটি গৃহের নির্মাণ কাজ করার কথা স্থানীয়ভাবে প্রকল্প কমিটির মাধ্যমে।কিন্তু সে নিয়ম মানা হয়নি কেন? এমন প্রশ্নের তিনি (পিআইও) বলেন, ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করে নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যা সংশিষ্ট ইউপি চেয়ারম্যানেরা জানেন।
ইউএনও পিজুস চন্দ্র দে বলেন,‘বিলম্বে বরাদ্দ পেয়েছেন। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে গৃহের নির্মাণ কাজ শেষ করা যায়নি। তবে যেভাবে কমিটি গঠন করে গৃহ নির্মাণ করার নির্দেশনা রয়েছে, সেভাবেই করতে হবে। পিআইও কার্যালয়ের কেউ গৃহ নির্মাণের সঙ্গে জড়িত থাকার সুযোগ নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


