জেলা প্রতিবেদকঃ রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ফাঁকা ব্রাশ ফায়ারে ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকা প্রকম্পিত হয়েছে। শনিবার (২৫এপ্রিল) রাতে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নবরত্ন বনবিহার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নবরত্ন বনবিহার এলাকায় একদল মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের শক্তি জানান দিতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে একটি সূত্র বলছে এলাকা নিয়ন্ত্রণ নিতে একটি পক্ষ অপর পক্ষের ওপর তাদের প্রভাব বিস্তার করতে গুলি চালিয়েছে।
ঘটনার পর পরই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর স্থানীয় বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাবার বাগান, তালুকদার পাড়া, জীবতলীসহ বেশ কিছু এলাকায় এসব আঞ্চলিক সশস্ত্র গ্রুপের যাতায়াত কিছুটা বেড়েছে। স্থানীয়দের ধারণা যেকোনো সময় বড় ধরনের সংঘাত সংঘর্ষ হতে পারে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ ঘটনাটাকে হালকা ভাবে নিচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে পর্যবেক্ষণে রেখেছে।
উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের আঞ্চলিক দলের চারটি সন্ত্রসী গ্রুপ রয়েছে। প্রায়ই আধিপত্য বিস্তার করতে নিজেদের মধ্যে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়।


