ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।
রমনার বটমূলে আজ বৃহস্পতিবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মেয়র।
এ সময় শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আজ আমরা রমনার বটমূলে সমবেত হয়েছি। রমনার বটমূলের এ বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনার বটমূলের এ সাংস্কৃতিক মিশেল আমাদের পরিতৃপ্ত করে, বাঙালিত্বে সামগ্রিকতা দান করে। তাই, আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুবছর বিরতির পর আবারও এ আয়োজন শুরু হয়েছে বলে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজনকে আরও উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।’ এ সময় ঢাকাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মেয়র তাপস।
এর আগে সকাল সাড়ে ৬টায় রমনার বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন মেয়র তাপস। সকাল ৮টার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।


