নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণ মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক শাহিনুর রহমান খান গত ১৪ জুন আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। তবে অভিযোগপত্র দাখিলের বিষয়টি ৫ জুলাই বুধবার জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা হরলাল মল্লিক।
হরলাল মল্লিক জানান, গত ১৪ জুন চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বুধবার (৫ জুলাই) মামলার ধার্য তারিখে চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হয়। ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম চার্জশিট দেখে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বদলির আদেশ দিয়েছেন।
অভিযোগপত্রভূক্ত আসামিরা হলেন রাফসান হোসেন রুবেল, সালাউদ্দিন মিনা, আল আমিন ও ইমরান ওরফে এমরান খান। আসামিদের মধ্যে আল আমিন ও ইমরান পলাতক রয়েছে। আর আসামি নাজমুলের ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
মামলায় ১৫ জনকে সাক্ষী করা হয়েছে ।
অভিযোগপত্র থেকে জানা যায়, বিচারের নাম করে আসামিরা ওই তরুণীকে হাজী মোশাররফ হোসেনের পরিত্যক্ত টিন সেডের বাসায় নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই তরুণী খিলক্ষেত থানাধীন বৌ পার্লার নামক স্থানে বাস করতেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে র্যাব-১ রুবেলকে আটক করে। এরপর সে দোষ স্বীকার করতে রাজি হওয়ায় ওই বছর ১৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারকের খাস কামরা থেকে কৌশলে সে পালিয়ে যায়। এরপর বাড্ডা এলাকা থেকে সে পুনরায় গ্রেপ্তার হয়। এরপর ওই বছর ১৫ নভেম্বর আদালত রুবেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন গত ২০ নভেম্বর সে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে।
গারো মেয়েটি ঢাকায় একটি বিউটি পার্লারে কাজ করে। ২০১৬ সালের ২৫ নভেম্বর বিকেলে সে উত্তর বাড্ডা হাসান উদ্দিন সড়কের ৩ নম্বর লেনের মিশ্রীটোলায় হাজী রুহুল আমীরের মেসের ভাড়াটিয়া তার হবু স্বামী রিপন ¤্রংয়ের দেখা করতে আসে। এ সময় মেসের বাসিন্দা সালাউদ্দিন (সালু) তার পূর্ব পরিচিত সন্ত্রাসী আল আমিন, রনি, সুমন, নাজমুল ও রুবেলকে ফোন করে মেসে ডেকে আনে। মেসে মেয়ে আনা হয়েছে অভিযোগ তুলে তারা মেয়েটির হবু স্বামীকে ফাঁদে ফেলে তার কাছ থেকে ১৭ হাজার টাকা ও স্মার্ট ফোন সেট নিয়ে নেয়। পরে রুবেল ও তার সহযোগি সালাউদ্দিন (সালু) মিলে মেয়েটিকে প্রাণের ভয় দেখিয়ে হাজী মোশাররফ হোসেনের পরিত্যক্ত বাসার নিয়ে গিয়ে ধর্ষণ করে।


