বাধা নেই সোনার দোকানে অভিযানে

নিজস্ব প্রতিবেদক : আইনি প্রক্রিয়া ছাড়া স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে শুল্ক গোয়েন্দাদের অভিযান চালানো যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে আইন অনুযায়ী সোনার দোকানে অভিযান চালানো যাবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার জজ আদালত এ স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে, রাষ্ট্রপক্ষের করা মামলাটি আপিল বিভাগের নিয়মিত (লিভ টু আপিল) বেঞ্চে ১২ অক্টোবর শুনানির জন্য পঠিয়েছেন চেম্বার জজ আদালত।

আদালতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

বাংলাদেশ জুয়েলারি সমিতির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৮ জুন রুল জারিসহ একটি স্থগিতাদেশ দেন হাইকোর্ট। সোনা আমদানির জন্য কেন একটি নীতিমালা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এই আদেশ স্থগিত চেয়েই রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। আজ শুনানি শেষে চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দেন।