নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় আহতদের যথাযথ চিকিৎসা হচ্ছে কি না সে বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট।
বাসচাপায় হতাহতদের বিষয় আদালতের নজরে আনলে সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেন।
আদালতে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিনকে আহতদের বিষয়ে খোঁজ নিয়ে আদালতকে অবহিত করতে বলেন।
শুনানির শুরুতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনা তুলে ধরেন এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
রুহুল কুদ্দুস কাজল বাসচাপা দেওয়ার ঘটনা তুলে ধরে বলেন, আমি নিজেই জনস্বার্থে এ বিষয়ে আবেদন করেছি। আবেদনে বাসচাপা দেওয়ার ঘটনার যথাযথ তদন্ত, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছি।
আদালত বলেন, আপনি আপনার আবেদন এফিডেভিট আকারে আদালতে দুপুর ২টার পরে উপস্থাপন করুন।
পরে রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা রিটে দুই কোটি টাকা ক্ষতিপূরণ চাইব।
এর আগে গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।
নিহত ছাত্রী দিয়ার বাড়ি মহাখালী দক্ষিণপাড়ায়। সে একাদশ শ্রেণিতে পড়তেন। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। আব্দুল করিম ওরফে সজীব ওরফে রাজু কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


