নিজস্ব প্রতিবেদক : বাসের চাপায় কলেজছাত্রের হাত হারানোর মামলায় দুই বাসচালকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালত রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া চালকরা হলেন- বিআরটিসি বাসের ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের খোরশেদ (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব আলী এদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের জাতীয় পরিচয়পত্র এখনো পাওয়া যায়নি। তাই সন্দেহ করা হচ্ছে, তারা তাদের প্রকৃত ঠিকানা গোপন করেছেন। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দিলে তারা পালিয়ে যেতে পারেন। তাই ঘটনার রহস্য উদঘাটনে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে হাইকোর্ট রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় ওই দুই বাস মালিককে বহন করতে নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। তার ডান হাতটি বাসের সামান্য বাইরে ছিল। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসের গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দু-তিনজন পথচারী দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি।


