নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলমকে হাইকোর্টের নির্দেশে বুধবার সকাল পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আলোকচিত্রী ড. শহিদুল আলমকে হাইকোর্টের নির্দেশে হাসপাতালে নেওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুন জানান, শহিদুল আলম হাসপাতালে ভর্তি করার মতো অসুস্থ নন। তিনি বলেন, আমাদের মেডিক্যাল বোর্ড তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা দেখিনি। শহিদুল আলমের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার পাওয়া যাবে বলেও জানান বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক। মঙ্গলবার আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মাদ আছাদুজ্জামান নূর রিমান্ডের আদেশ দিয়েছিলেন। এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন শহিদুল আলম। রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে আলোকচিত্রী শহিদুল আলমকে তুলে নেয় ডিবি। নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শহিদুল আলমের নামে ওই মামলা করা হয়।


