আদালত প্রতিবেদক : ‘বাড়ি গিয়ে কী করব? আমরা আর বাড়ি যেতে চাই না। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা রইল না। আমাদের এখানেই (আদালতে) মাটি দিয়ে দিন, ফাঁসি দিয়ে দিন।’
বুধবার ঢাকার কেরানীগঞ্জের মুগারচরের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শিশু আবদুল্লাহ (১১) হত্যা মামলার রায় ঘোষণার পর এভাবেই প্রতিক্রিয়া জানান তার মা রিনা বেগম এবং খালা মমতাজ বেগম।
রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে তারা বলেন, ‘রায়ে আমরা খুশি না। এ বিচার আমরা মানি না। প্রায় দেড় বছর আদালতে ঘুরে এ আমরা কেমন বিচার পেলাম! জজ সাহেব আমাদের কি বিচার দিলেন! আমরা আবদুল্লাহ হত্যার বিচার পেলাম না।’
আবদুল্লাহর মা রিনা বেগম আবদুল্লাহর তিনটি ছবি হাতে নিয়ে বলেন, ‘দেখেন, তারা আমার ছেলেকে কীভাবে খুন করেছে। কি নির্মমভাবে খুন করেছে! ড্রামের ভিতর আটকে রেখে নৃশংসভাবে খুন করেছে। আর এই মেহেদী তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আর তার বোন মিতুও আবদুল্লাহকে খুন করেছে। আর আদালত তাদের কী সাজা দিল? আমরা ন্যায়বিচার পেলাম না। আপনারা এখন আমাকে ফাঁসি দিয়ে দিন। আমি এখন ফাঁসি নিব, বিষ খেয়ে মরব। আর জজ সাহেব এর বিচার করবেন।’ বলতে বলতে অঝোরে কাঁদছিলেন আবদুল্লাহর মা। বারবার মুর্ছা যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে আদালতের করিডোরে অজ্ঞান হয়ে পড়েন রিনা বেগম।
রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’
বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ আলোচিত আবদুল্লাহ হত্যা মামলার রায় ঘোষণা করেন ।
রায়ে খোরশেদ আলম নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মামলার প্রধান আসামি মোতাহার হোসেনের (বন্দুকযুদ্ধে নিহত) ছেলে মেহেদী হাসান শামীমকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মেয়ে মিতু আক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাসের কারাভোগ করতে হবে। মোতাহার হোসেনের স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
শামীমের বিরুদ্ধে আবদুল্লাহকে খুন ও খুনের সাধারণ অভিপ্রায় প্রমাণিত হলেও তার বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনের বিধান অনুসারে তাকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মিতু আক্তাকে খুনের আলামত ধ্বংস করতে সহায়তা করার কারণে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিলের শর্তে মিতুর আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
রায় ঘোষণাকালে খোরশেদ আলম বাদে অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকা জেলার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের কুয়েত প্রবাসী বাদল হোসেনের ছেলে পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ। ২০১৬ সালের ২৯ জানুয়ারি দুপুরে সে নিখোঁজ হয়। ওই দিন মেহেদী হাসান আবদুল্লাহকে বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং মোতাহার ও খোরশেদ শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশ প্লাস্টিকের ড্রামে ভরা হয় এবং কায়কোবাদকে লাশ ফেলার জন্য ভাড়া করা হয়। এর আগে মুঠোফোনে তাকে অপহরণের দাবি করে দুই দফায় ২ লাখ টাকা মুক্তিপণ নেয় অপহরণকারীরা।
২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আবদুল্লাহর বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় মারফত আলী কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৫ মার্চ কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোতাহার হোসেন, তার ছেলে মেহেদী হাসান শামীম, মেয়ে মিতু আক্তার এবং স্ত্রী নাসিমা বেগম এবং নাসিমা বেগমের বন্ধু খোরশেদকে আসামি করা হয়।
এদের মধ্যে খোরশেদ পলাতক আর মামলার প্রধান আসামি মোতাহার হোসেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই বছর ৭ ফেব্রুয়ারি নিহত হয়।
মামলাটির বিচারকাজ চলাকালে ৩০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। তাকে সহায়তা করেন আব্দুর রউফ এবং মেহেদী হাসান। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট টি এম আকবর এবং ফকির আব্দুল মান্নান।


