বিএনপির গফুরও নির্বাচনে অংশ নিতে পারবেন না

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। এর ফলে তার নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই।

আদালত ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিক।

এর আগে, ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনি পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এদিকে, একই দিনে কুমিল্লা-৪ আসনেও বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।