বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী কোনো তথ্য বা কাগজ আছে কি না তার খোঁজে বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৭টার দিকে তল্লাশি শুরু হয়ে সকাল ৯টা ৩৫ মিনিটে শেষ হয়। এর আগে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কার্যালয়ে রাষ্ট্রবিরোধী তথ্য আছে বলে এক ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

অজ্ঞাতনামা যে জিডির পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে এতে বলা আছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশান থানাধীন রোড-৮৬, বাড়ি-০৬-এ এবং এর আশপাশ এলাকায় রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি এবং রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডে সাধারণ জনগোষ্ঠীকে অংশগ্রহণের আহ্বানমূলক বিভিন্ন বক্তব্য সম্বলিত বিপুল পরিমাণ রাষ্ট্রীয় নাশকতা সৃষ্টির সামগ্রী আছে।’

এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সকাল থেকেই হঠাৎ করে পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে তল্লাশির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।