‘বিএনপি একটা কুফা দল’ চরমোনাই পীরের এ বক্তব্য নিয়ে যা জানা গেল

‘বিএনপি একটা কুফা দল। এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না!’ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাই পীর) এমন মন্তব্য করেছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।

বিএনপিকে জড়িয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এমন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার টিম। রোববার দুপুরে তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায় রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হ‌ওয়া দাবিটিকে রেজাউল করীমের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে। যা থেকে নিশ্চিত হওয়া যে আলোচিত দাবির ফটোকার্ডটিও ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রচার করা হয়েছে।

সুতরাং, রেজাউল করীম ‘বিএনপি একটা কুফা দল। এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।