নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ঢাকা ও নরসিংদীতে নাশকতার পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন।
আদালতে খোকনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
পরে সগীর হোসেন লিয়ন বলেন, ৫ মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনে নো অর্ডার আদেশ দিয়েছেন আদালত। ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।এ আদেশের ফলে এখন তার জামিনে মুক্তিতে বাধা নেই।
২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন, গুলশান, কাফরুল এবং নরসিংদীতে কয়েকটি মামলা করে পুলিশ।
এসব মামলায় ৪ মে ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন তিনি।


