বিচারকের মামা পরিচয়ে প্রতারণা, আইনজীবী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের মামা পরিচয় দেওয়া আইনজীবী মঈন আহম্মেদ সৌরভের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট থানার জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) নিজাম উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফজল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জালিয়াতির সরঞ্জাম উদ্ধার, সঠিক তথ্য উদঘাটন এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এ বি এম কবির হোসাইন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের এজলাস থেকে মঈন আহম্মেদ সৌরভকে গ্রেপ্তার করা হয়।

ওই আদালতের সরকারি কৌঁসুলি শওকত আলম বলেন, আইনজীবী সৌরভ বিচারকের মামা পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করছিলেন। তিনি চেম্বারে তার সাইনবোর্ডের পাশাপাশি বিচারকের সাইনবোর্ড ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। এ ছাড়া বিচারক ওই আইনজীবীকে চেনেন না।

শওকত আলম জানান, বিচারক এ ঘটনা বিভিন্ন মাধ্যমে জানতে পারলে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।