নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট ১১টি অভিযোগের জবাব না দিয়ে স্বেচ্ছায় এক মাসের ছুটি নিয়েছেন।শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের প্যাডে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা ব্যতীত আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান। বিচারপতি মো. ইমান আলী দেশের বাইরে থাকায় বঙ্গভবনের ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বাকিরা রাষ্ট্রপতির বাসভবনে যান এবং রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘ আলোচনায় এক পর্যায়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্যাদি হস্তান্তর করেন। এসবের মধ্যে বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ কিছু সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে।


