বিডা নির্বাহী পরিষদের সভা প্রতি মাসের পরিবর্তে প্রতি সপ্তাহের সোমবার অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিষদের সভা প্রতি মাসের পরিবর্তে প্রতি সপ্তাহের সোমবার অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জুলাই থেকে এটি কার্যকর হবে।

বুধবার বিডার নির্বাহী পরিষদের অষ্টম সভায় এ সিদ্ধান্ত হয়। রাজধানীতে বিডার বোর্ডরুমে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। বিডার নির্বাহী সদস্য মো. আলতাফ হোসেন, নাভাস চন্দ্র মন্ডল ও অজিত কুমার পালসহ সংশ্লিষ্ট পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোনো রকম পরিবর্তন ও পরিমার্জন ছাড়াই বিডার সপ্তম সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং নির্বাহী পরিষদের সপ্তম সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগে উৎসাহ প্রদান, রেমিট্যান্স, রয়্যালটি, অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসন বিষয়ক প্রস্তাব দ্রুত অনুমোদন ও নিষ্পত্তি, বিডার অভ্যন্তরীণ সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন ও সর্বোপরি বিডার কার্যক্রম দ্রুত ও বেগবান করার মাধ্যমে দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সভায় জানানো হয়।

এর ফলে বিনিয়োগ সেবাপ্রত্যাশীদের এ সংক্রান্ত সেবা পেতে আর মাসাধিককাল অপেক্ষা করতে হবে না। অতি দ্রুত সময় তথা এক সপ্তাহের মধ্যেই রেমিট্যান্স, রয়্যালটি, ও অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসনবিষয়ক প্রস্তাব নিষ্পত্তি করা সম্ভব হবে।