নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি চ্যানেলে সকল প্রকার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
তথ্যসচিব, বাণিজ্যসচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক ও পুলিশের আইজিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশের দর্শকদের জন্য সকল প্রকার পণ্যর বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দায়ের করেন।
পরে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ২০০৬ সালে প্রণীত ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইনের ১৯ ধারার ১৩ উপধারায় বলা হয়েছে ‘বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। কিন্তু সম্প্রতি বিদেশি টিভি চ্যানেলে অহরহ বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং অবৈধভাবে কতিপয় কোম্পানি ওই সমস্ত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। এতে দেশীয় শিল্প চ্যানেলেগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী, বিজ্ঞাপনদাতাদের সংগঠন ‘মিডিয়া ইউনিটি।’


