বিদেশে যৌন হয়রানি শিকার নারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে কাজের জন্য সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কতজন নারী কর্মী গেছেন, তাদের কতজন স্বেচ্ছায় বা সরকারের সহযোগিতায় দেশে ফিরে এসেছেন, কতজন শারীরিক ও যৌন হয়রানির শিকার হয়েছেন সেই তালিকা চেয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে প্রবাসী কল্যাণ সচিব, পররাষ্ট্র সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও বায়রার প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত সপ্তাহে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বাদী হয়ে এই রিট করেন। আজ রিটের ওপর তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে আদালত অন্তবর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন। রুলে সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব নারী কর্মী কাজের উদ্দেশ্যে গেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের ব্যর্থতা এবং যারা শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে যেসব রিক্রুটিং এজেন্সি ও বিভিন্ন ব্যক্তি যথাযথ আইন অনুসরণ না করে কাজের জন্য লোকজন বিদেশে পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ সচিব, পররাষ্ট্র সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও বায়রার প্রেসিডেন্ট এবং সেক্রেটারিসহ ১১ জন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।