বিপুল পরিমান মাদক উদ্ধার টঙ্গীতে স্বামী-স্ত্রীসহ ৬ কারবারী আটক

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ ৬ জন মাদক কারবারীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত শুক্রবার রাতে এ অভিযানগুলো পরিচালনা করা হয়। গতকাল শনিবার এসব ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে থানা পুলিশের এসআই শুভ মন্ডল সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে দত্তপাড়ার মেহেদী হাসানের ভাড়া বাসায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাসা তল্লাশী করে পলিথিনে প্যাকেটজাত করা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসা পরিচালনা ও বেআইনী পন্য মজুদ রাখার অপরাধে মেহেদী ও তার স্ত্রী লক্ষী বেগমকে গ্রেফতার করে পুলিশ।

এরপর রাত ৯ টায় একই থানা পুলিশের এসআই শাহীন মোল্লার নেতৃতে অপর একটি দল স্থানীয় আরিচপুর তিনতলা জামে মসজিদের পশ্চিম পাশের একটি গলি থেকে মাদকদ্রব্য বেচাকেনার সময় ৪ জন মাদক কারবারীকে আটক করেন। পরে তাদের হেফাজত থেকে ৬ শ’ পিস ইয়াবা ও ২শ’ ৫০ পিস ফেন্সেডিল উদ্ধার করে সকলকে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো রাজিয়া বেগম (৫০), রোজিনা আক্তার (৩৫), আজিম মিয়া (২৫) ও ইতি আক্তার (২৩)। এসব ঘটনায় গতকাল টঙ্গী পূর্ব থানায় সংশিষ্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে সকলকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।