বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আদম আলী নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে আগত আদম আলীকে স্বর্ণের ৩০টি বারসহ গ্রেপ্তার করা হয়। এই স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মুহাম্মদ আদম আলী ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসেন। চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিজি ০২২ ফ্লাইটে বিমানে ওঠেন। জিজ্ঞাসাবাদে আদম আলী দাবি করেন, তিনি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে রহমান নামের এক যাত্রী তার কাছে এই স্বর্ণ হস্তান্তর করেছেন। এরপর তিনি এই স্বর্ণের বারগুলো তার প্যান্টের বেল্ট বাঁধার স্থানে পূর্ব থেকেই প্রস্তুত করে রাখা বিশেষ ফাঁকা জায়গায় লুকিয়ে রাখেন।

সূত্র আরো জানায়, রহমান নামের ওই যাত্রীও বিমানে ছিলেন। তবে গোয়েন্দা তৎপরতা টের পেয়ে আগেই বিমানবন্দর ত্যাগ করেন। দশ তোলা করে প্রতিটি বারে মোট ৩ কেজি ৪৯৯২ গ্রাম স্বর্ণ রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসাথে পালিয়ে যাওয়া রহমানকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।