নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম নিহত হন। নিহত হন একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম। রোববার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা (নম্বর ৩৩) দায়ের করেন। সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, মামলার আসামি অজ্ঞাত। তবে মামলার এজহারে দুর্ঘটনার জন্য জাবালে নূর বাসের চালক ও চালকের সহযোগীকে দায়ী করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বাসটির চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। মামলায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহত হন। দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।


