শব্দদূষণে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সম্প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) আওতায় ‘ফ্রন্টিয়ারস ২০২: নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে শব্দ দূষণের প্রথমস্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্বিতীয় স্থানে ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। আর তালিকার শীর্ষ ৫ শহরের মধ্যে রাজশাহী চতুর্থ এবং ভিয়েতনামের হো চি মিন সিটি পঞ্চম। অর্থাৎ শব্দ দূষণে শীর্ষ ৫ শহরের মধ্যে ৪টিই দক্ষিণ এশিয়ার।
তবে এ প্রতিবেদন করতে জাতিসংঘ কীভাবে এ তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং ঢাকার কোন এলাকার শব্দদূষণ কীভাবে নিরূপণ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা ৫৫ ডিবি (ডেসিবেল) এবং বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডিবি। কিন্তু সেখানে ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডিবি এবং রাজশাহীতে ১০৩ ডিবি পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘গাড়ির শব্দ, উড়োজাহাজ চলাচল, রেল চলাচল, যন্ত্রপাতি, শিল্প এবং বিভিন্ন উৎসব ও বিনোদনমূলক আয়োজনের শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’


