বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল ছেলে!

জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে বৃদ্ধ বাবা ও সৎমাকে বেধড়ক মারধরের পর বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার বাবা মো. সফির উদ্দিন মণ্ডল (৬৭) তার একমাত্র ছেলে মো. ফিরোজ মাহমুদকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের হরেকৃষ্ণপুর (ফরমানপুর) গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলে ফিরোজ মাহমুদ হত্যার উদ্দেশ্যে তার বাবা সফির উদ্দিন মণ্ডলকে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হন তার বাবা।

এ সময় তার সৎমা লাইলি বেগম (৫০) স্বামীকে উদ্ধারে এগিয়ে এলে ফিরোজ মাহমুদ তাকেও এলোপাতাড়ি মারধর করে তাদের বাড়িতে ঢুকতে না দিয়ে বাড়ির দরজায় তালাবদ্ধ করে চলে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।