বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও সাবেক স্বামীসহ গ্রেফতার ৩

পাবনার বেড়া উপজেলা-এ অটোরিকশা চালক ফজলুল হক (৪৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩০ মার্চ) ভোরে বিশেষ অভিযানে নিহতের স্ত্রী মোছাঃ জোছনা খাতুন (৪৪), তার সাবেক স্বামী ও মূল পরিকল্পনাকারী মোঃ মানিক (৪৭) এবং সহযোগী মোঃ খোকন প্রামানিক (৪২)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন ফজলুল হক। পরদিন সকালে বড় বশিলা এলাকা-এর একটি ধানক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেড়া থানা-য় হত্যা মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে উঠে আসে, প্রায় দুই দশক আগে ফজলুল হকের সঙ্গে জোছনার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। পরবর্তীতে জোছনা লটারির টিকিট বিক্রির সময় মানিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ফজলুলকে তালাক দিয়ে মানিককে বিয়ে করেন। তবে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আবারও ফজলুলের সংসারে ফিরে আসেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মানিক দীর্ঘদিন ধরে ফজলুলকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এদিকে, জোছনা গোপনে মানিকের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। সম্প্রতি দাম্পত্য কলহ চরমে পৌঁছালে তারা হত্যার পরিকল্পনা করেন এবং এতে যুক্ত করা হয় মানিকের বন্ধু খোকনকে।

পরিকল্পনা অনুযায়ী, ১৯ মার্চ রাতে নির্জন বিলের মাঠে জোছনা ও খোকনের সহায়তায় মানিক ধারালো অস্ত্র দিয়ে ফজলুলের গলায় আঘাত করে তাকে হত্যা করে। পরে লাশ ধানক্ষেতে ফেলে তারা পালিয়ে যায়।

বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়েই এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।